
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের বসরায় জারি করা কারফিউ তুলে নিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে এই কারিফউ তুলে নেওয়া হয় বলে জানিয়েছে সামরিক বাহিনী। ইরাকে অর্থনৈতিক সংকট, দুর্নীতি, বেকারত্ব এবং পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত পাঁচদিন ধরে বসরা শহরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা গত কয়েকদিনে ইরাকের বেশ কিছু সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে। গত পাঁচদিনের সংঘর্ষে বসরায় অন্তত নয় জন নিহত ও অনেকে হয়েছেন। এরপর সেখানে কারফিউ জারি করা হয়। গতকাল শনিবার পরিস্থিতি কিছুটা শান্ত ছিলো। আন্দোলনকারীরাও জানান, শনিবার তারা বিরতি নেবেন। এরপরও শহরজুড়ে নিরাপত্তা কর্মীকে টহল দিতে দেখা যায়।
প্রায় ২০ লাখ মানুষের বাস ইরাকের বসরা শহরে। গত সোমবার থেকে চাকুরি ও নাগরিক সেবার দাবিতে সেখানে বিক্ষোভ করছেন বাসিন্দারা। বিক্ষোভ শুরুর পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সেখানে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার বিভিন্ন সরকারি ভবন ও ইরানের দূতাবাসে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর শহরে কারফিউ জারি করা হয়। ইরাকের নিরাপত্তা বাহিনী বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেছে, রাস্তায় কাউকে দেখা মাত্রই গ্রেফতার করা হবে।