
আন্তর্জাতিক ডেস্কঃ পারস্পারিক বাণিজ্যে ডলার পরিহার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া-তুরস্ক ও চীন। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে আরো কিছু বিষয়ে সম্মত হয়েছে দেশ তিনটি। যু্ক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রেজা হেম্মাতি। গতকাল শনিবার এক বার্তায় আব্দুর রেজা হেম্মাতি বলেন, ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যে গত শুক্রবার তেহরানে সিরিয়া বিষয়ক যে শীর্ষবৈঠক হয়েছে তার অবকাশে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। আব্দুর রেজা জানান, গত শুক্রবারের শীর্ষ বৈঠকের সময় আমি ও ইরানের তেলমন্ত্রী তিন প্রেসিডেন্টের উপস্থিতিতে রাশিয়া ও তুরস্কের অর্থমন্ত্রীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছি।
এসব আলোচনায় তেল ও গ্যাসের মূল্য নির্ধারণ, মৌলিক পণ্য বিনিময়, ব্যাংকিং খাতে সহযোগিতা বৃদ্ধি এবং ডলার বাদ দিয়ে পারস্পরিক আর্থিক লেনদেনে নিজস্ব মুদ্রা ব্যবহারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। তেহরানে অনুষ্ঠিত এ সংক্রান্ত চুক্তির পরবর্তী ধাপ নিয়ে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করতে আব্দুর রেজা হেম্মাতি অচিরেই মস্কো সফরে যাবেন বলে জানান। ইরান সরকার এরইমধ্যে ঘোষণা করেছে, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে তেহরান বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।