
আন্তর্জাতিক ডেস্কঃ সমুদ্রের পানি ও জলবায়ুর পরিবর্তন পর্যবেক্ষণ করতে চীন গতকাল শুক্রবার নতুন একটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে। জানা গেছে, এইচওয়াই-১ সি স্যাটেলাইটটি বহনকারী রকেট লং মার্চ-২ সি স্থানীয় বেলা সোয়া ১১টায় শানজি প্রদেশের তাইউয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ।
নতুন স্যাটেলাইটটি সমুদ্রের রঙ এবং পানির তাপমাত্রা পর্যবেক্ষণে সহায়তা করবে। এই ভূ-উপগ্রহটি পৃথিবীজুড়ে সমুদ্রের গতিবিধি সম্পর্কিত গবেষণার জন্য মৌলিক তথ্য সরবরাহ করবে বলে দাবি করছে চীনের বৈজ্ঞানিক গবেষণা সংস্থা ও জাতীয় প্রতিরক্ষা শিল্প বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ বলছে, চীনের সমুদ্র, দ্বীপ ও উপকূলীয় এলাকায় প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সম্পর্কিত জরিপের কাজে এসব তথ্য ব্যবহার করা হবে। এছাড়াও সামুদ্রিক দুর্যোগ মোকাবেলা ও সামুদ্রিক সম্পদ ব্যবহারের জন্য এগুলো কাজে লাগবে। ৫ বছরের সক্রিয় থাকার মতো স্যাটেলাইটটি চায়না একাডেমি অব স্পেস টেকনোলজির তত্ত্বাবধানে তৈরি করেছে চায়না স্পেসস্যাট কোম্পানি ।
প্রথমবারের মতো চীন ২০০২ সালে সামুদ্রিক স্যাটেলাইট এইচওয়াই-১এ উৎক্ষেপণ করে মেরিন স্যাটেলাইট প্রকল্পের ভিত্তি রচনা করে। এরপর ২০০৭ সালে তারা এইচওয়াই-১বি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এরপর ২০১৯ সালে দেশটির এইচওয়াই-১ ডি স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা রয়েছে। এসব স্যাটেলাইট চীনের গভীর সমুদ্রে পর্যবেক্ষণ করার সক্ষমতা বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে ।