News71.com
 International
 04 Sep 18, 01:14 PM
 311           
 0
 04 Sep 18, 01:14 PM

পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হলেন পিটিআই মনোনীত আরিফ আলভী।  

পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হলেন পিটিআই মনোনীত আরিফ আলভী।   

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী ড. আরিফ আলভী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। জানা যায়, প্রেসিডেন্ট নির্বাচনে ড. আরিফ আলভী পেয়েছেন ৩২০ ইলেকটোরাল ভোট। অন্যদিকে, ফজলুর রেহমান ও আইতজাজ আহসান পেয়েছেন যথাক্রমে ১৫৯ ও ১২০ ইলেকটোরাল ভোট। তবে এখনও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ফলাফল পাওয়া যায়নি। যদিও এ প্রদেশের ভোট না পেলেও তিনিই প্রেসিডেন্ট। কেননা, প্রদেশটির যে পরিমাণ ভোট রয়েছে তার চেয়ে বেশি ভোটে এখনই তিনি এগিয়ে রয়েছেন।

দেশটির ১৩তম প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়েছেন- ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ড. আরিফ আলভী, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সমর্থিত মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্রধান ফজলুর রেহমান ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রবীণ নেতা আইতজাজ আহসান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন আরিফ আলভী। ছাত্রজীবনে তিনি লাহোরের একটি ডেন্টাল কলেজের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
আলভী ১৯৬৯ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনামলে ছাত্র আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন। পেশায় দন্ত চিকিৎসক আলভী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একজন প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি ১৯৯৭ ও ২০০২ সালের দেশটির সাধারণ নির্বাচনে সিন্ধুর প্রাদেশিক পরিষদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তবে সে নির্বাচনে জয় লাভ করেননি তিনি। পরে ২০১৩ সালের নির্বাচনে করাচি থেকে নির্বাচিত হন। ২০০১ সালে পিটিআই’র সহ সভাপতি ও পরে ২০০৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলভী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন