
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন স্কট মরিসন। দলের সিনিয়র নেতাদের সমর্থন হারিয়ে পদত্যাগের চাপে পড়া ম্যালকম টার্নবুলকে হটিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া মরিসন টার্নবুলের বিশ্বস্ত সহকর্মী কোষাধ্যক্ষ ছিলেন। অভ্যন্তরীণ এক ভোটে সদ্য অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে যাওয়া পিটার ডাটনকে ৪৫-৪০ ভোটে হারিয়ে মরিসন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন লিবারেল পার্টির হুইপ নোলা মারিনো। সম্প্রতি কয়েকটি উপ-নির্বাচনে হেরে যায় টার্নবুলের লিবারেল পার্টি। এছাড়া জনমত জরিপে দেখা যায় টার্নবুলের প্রতি আস্থা হারিয়েছেন মানুষ। এতে দলের শীর্ষ নেতাদের চাপের মুখে পড়েন তিনি। যদিও নেতৃত্বের এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেননি টার্নবুল।