
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে সার্ক সম্মেলনের আয়োজন করার জন্য জোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের নতুন সরকার। তাদের ইচ্ছে চলতি বছরের শেষেই হোক এই সম্মেলন। তবে এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে ভারত এই সম্মেলনে যোগ দিতে নারাজ। এর আগে ২০১৬ সালে ভারতের সার্বিক প্রয়াসে ভেস্তে গিয়েছিল সার্ক সম্মেলন। সে সময় ভুটান ও শ্রীলংকার মতো দেশগুলোকে সঙ্গে নিয়ে সার্ক বয়কট করেছিল ভারত। বাংলাদেশও যোগ দেয়নি। ফলে সম্মেলনটাই আর হয়নি।
পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান এই শীর্ষ সম্মেলন শুরুর জন্য খুবই আগ্রহী। এমনকি ইমরানের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের কোনো রাজনৈতিক নেতাকে দূত হিসেবে ভারতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তাদের দিক থেকে ভারতকে সার্কের মঞ্চে হাজির করতে চেষ্টার ত্রুটি রাখা হচ্ছে না। তবে এবারের সার্কে যোগ দিতে পাকিস্তানের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসলামাবাদে যাবেন কি না, তা অনিশ্চিত। এখনও পর্যন্ত যা খবর, সার্কে যোগ দেয়ার ব্যাপারে অনীহা রয়েছে মোদির। এদিকে সার্কভুক্ত অন্যান্য দেশেরও তেমন কোনো আগ্রহ পরিলক্ষিত হয়নি।