
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ ইদলিবে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধের কারণে ঝুঁকিতে রয়েছে ১০ লাখেরও বেশি শিশু, যাদের অধিকাংশেরই বাস শরণার্থী শিবিরে। শুক্রবার (১০ আগস্ট) জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে এ উদ্বেগজনক তথ্য জানায়।
ইউনিসেফের বিবৃতিতে বলা হয়য়, ১০ লাখের বেশি গৃহহারা সিরিয়ানের এ গ্রামীণ প্রদেশে এরইমধ্যে বৃহৎ খাদ্য, পানি ও ওষুধের ঘাটতি পড়েছে। কৌশলগত দিক থেকে সরকার ও বিদ্রোহীদের সবশেষ বড় এ রণক্ষেত্রে যুদ্ধ চলতে থাকলে ভয়াবহ মানবিক বিপর্যয় পরিস্থিতি তৈরি হতে পারে। যার ফলে গৃহহীন হতে পারে সাড়ে তিন লাখেরও বেশি শিশু। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইদলিব প্রদেশ ও এর পাশে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চল মিলিয়ে ২৯ লাখ মানুষ বসবাস করেন। এখান থেকে বিদ্রোহীদের হটিয়ে দিতে প্রাণপণ লড়াইয়ে নেমেছে বাশার আল-আসাদের বাহিনী।