
আন্তর্জাতিক ডেস্কঃ ৪০০ কোটি ডলারের বেশি ঋণ নেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে যাওয়ায় অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টার অংশ হিসেবে এই ঋণ নেয়া হবে বলে জানা গেছে। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) থেকে এই ঋণ নেবে দেশটি। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয় ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। শিগগিরই তিনি ক্ষমতায় আসীন হতে যাচ্ছেন।
জানা গেছে, ইমরানের সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হবে বৈদেশিক লেনদেনের ভারসাম্য সংকট থেকে পরিত্রাণ খোঁজা। উচ্চ আমদানি ও স্থবির রপ্তানি খেয়ে ফেলছে দেশটির বেশিরভাগ বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই সংকট কাটাতে এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ১২০০ কোটি ডলার ঋণ নেয়ার প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান। তবে, এর জন্য পাকিস্তানকে চীন থেকে নেয়া আর্থিক সহযোগিতার যাবতীয় তথ্য সরবরাহ করতে হবে বলে জানা গেছে। সূত্র: জিও টিভি