
আন্তর্জাতিক ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (০৭ আগস্ট) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিভিন্ন প্লাকার্ড নিয়ে মনববন্ধন পালন শেষে স্মারকলিপি জমা দিয়েছেন পডুয়ারা।
স্মারকলিপিতে বলা হয়েছে ‘নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করেন।’ বর্তমান সরকার কোমলমতি শিক্ষার্থীদের যৌক্তিক দাবীকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে তা বাস্তবায়নে দৃশ্যমান তড়িৎ পদক্ষেপ নিয়েছেন। কিন্ত এরপরও কিছু শিক্ষার্থী নামধারী তথা সুবিধাবাদী দেশের কোমলমতি সাধারন ছাত্রদের এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই হটকারি তৎপরতায় দেশের অর্থনৈতিক ব্যবস্থার বড ধরনের ক্ষতির পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
গতকালের মানববন্ধন ও স্মারকলিপি দিতে আসা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা জানান বিদেশে অবস্থান করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে তারা বাংলাদেশের সকল ঘটনা সম্পর্কে অবগত । সরকার ছাত্রদের সকল যৌক্তিক দাবী মেনে নেয়ার পরও বিশেষ মহল নানান গুজব ছড়িয়ে ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকরে দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করছে। ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি এসব ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা।