
আন্তর্জাতিক ডেস্ক: অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে কানাডার সঙ্গে সব ধরনের নতুন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা স্থগিত করেছে সৌদি আরব। একই সঙ্গে সৌদি আরবে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার ও কানাডার নিযুক্ত সৌদি দূতদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে কানাডা প্রকাশ্যে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। আজ সোমবার সামাজিক মাধ্যম টুইটারে ধারাবাহিক পোস্টে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কানাডার দূতকে বহিষ্কার করে কানাডায় নিযুক্ত নিজেদের দূতকে ফিরিয়ে আনছে তারা। সৌদি আরবে বেশ কয়েকজন নারী অধিকারকর্মীকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়ার পর এই পদক্ষেপ নিল মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রের দেশটি। আটক হওয়া এসব অধিকারকর্মীদের মধ্যে রয়েছেন সৌদি-আমেরিকান নারী অধিকারকর্মী সামার বাদাউয়ি। কানাডার নাগরিকত্বও রয়েছে তার। তিনি সৌদি আরবের পুরুষ অভিভাবকত্ব আইন বাতিলের দাবি করে আসছেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া সংস্কার পরিকল্পনার সঙ্গে তৈরি হওয়া ইতিবাচক চরিত্রের বিপরীতে তাকে গ্রেফতার করা হলে মুক্তি দাবি করে বিবৃতি দেয় কানাডা। এরপরই কূটনীতিক বহিষ্কারের কথা জানায় সৌদি আরব।কানাডার দূতকে বহিষ্কার করে তাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। সৌদি আরবের এই ঘোষণার পর কানাডিয়ান ডলারের মূল্য স্যৌদি আরবে দশমিক ২ শতাংশ কমে গেছে। ২০১৭ সালে সৌদি আরব ও কানাডার সঙ্গে ৩২৩ কোটি ডলারের বাণিজ্য হয়েছিল। এরমধ্যে কেবল সৌদি আরবই উত্তর আমেরিকান দেশটিতে ২১৪ কোটি ডলারের পণ্য রফতানি করে। দেশটির মোট রফতানি আয়ের এক শতাংশ রফতানি হয় কানাডায়।