
আন্তর্জাতিক ডেস্কঃ অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের জন্য পাঠানো জরুরি চিকিৎসা সরঞ্জামসহ ত্রাণবোঝাই 'আওদা' নামের একটি নৌকা আটকে দিয়েছে ইসরাইল। জানা যায়,স্থানীয় সময় গতকাল রবিবার ত্রাণবাহী ওই নৌকাটি গাজা বন্দরে ভেড়ার কথা ছিল। কিন্তু ২৩ ত্রাণকর্মীসহ নৌকাটি আটক করে ইসরাইলের আশদোদ বন্দরে নিয়ে যায় ইসরাইলের নৌসেনারা। প্রায় ১৫ হাজার মার্কিন ডলারের জরুরি চিকিৎসা সরঞ্জামসহ সপ্তাহখানেক আগে ইতালির পালেরমো উপকূল থেকে নৌকাটি গাজার উদ্দেশে যাত্রা করেছিল।
এছাড়া সম্প্রতি অবরুদ্ধ গাজায় আমদানি-রপ্তানি নিষিদ্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা থেকে পণ্য পাঠানো ও প্রয়োজনীয় পণ্য আনার জন্য ব্যবহৃত কেরেম শালোম সীমান্তে জারি করেছে নিষেধাজ্ঞা। তারা জানিয়েছে,মানবিক বিবেচনায় প্রয়োজনীয় এমন পণ্য ছাড়া আর কোনো কিছু গাজাতে ঢুকতে দেওয়া হবে না।