
আন্তর্জাতিক ডেস্কঃ ২৫ জুলাইয়ে অনুষ্ঠেয় পাকিস্তানের জাতীয় নির্বাচনে দেশটির সাবেক বরেন্য ক্রিকেটার ইমরান খানের দলকে সমর্থন দিয়েছেন দেশটির আরেক বরেন্য ক্রিকেটার ওয়াসিম আকরাম। গতকাল শনিবার (২১ জুলাই ২০১৮) বিকালে টুইটারে একটি টুইট করে ইমরান খানের দলের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেন। টুইটে ওয়াসিম লেখেন, ‘তোমার নেতৃত্বেই আমরা ১৯৯২ সালে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর এবার তোমার নেতৃত্বেই আমরা পুনরায় একটি মহান গণতান্ত্রিক দেশ হয়ে উঠতে পারবো।’ সাথে হ্যাশট্যাগ যোগ করেছেন, ‘#voteforkaptan’ বা ‘অধিনায়ককে ভোট দিন।’ এর আগের দিন একই রকম টুইট করে ২৫ জুলাইয়ের নির্বাচনে তেহরিকই ইনসাফ প্রধান ইমরান খানের পক্ষে থাকার ঘোষণা দেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফার্স্ট বোলার ওয়াকার ইউনিস।
তিনি লিখেছেন, ‘এটা কি সহজ কিছু? না। জয়ী হওয়া উচিত কি? অবশ্যই। যথেষ্ট হয়েছে। পাকিস্তানে সময় এসেছে পরিবর্তনের। অধিনায়ক, আপনার জন্য নির্বাচনী শুভকামনা। আমরা সবাই আপনার সাথে আছি।’ এদিকে, তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খান আজ রবিবার দেশটির বন্দর নগরী করাচিতে এক মহাসমাবেশে বক্তৃতা করবেন। স্থানীয় সময় বিকাল ৩টায় করাচির বাগ-ই-জিন্নাহ-তে ওই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর ইমরান সমাবেশে যোগ দিবেন বিকাল ৬টায়। আগামী কাল সোমবারের মধ্যেই পাকিস্তানে সব ধরনের নির্বাচনী প্রচারণা সমাপ্ত করতে হবে। ফলে আজকের সমাবেশটি বেশ গুরুত্বপূর্ণ। সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান প্রশাসন। এর আগে গত ২২ জুলাই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুন খাওয়াতে ইমরান খানের দলের এক সমাবেশ আত্মঘাতী জঙ্গি হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ইমরানের দলের এক প্রার্থী নিহত হন এবং চারজন আহত হন।