
নিউজ ডেস্কঃ ভারতের লোকসভায় আজ শুক্রবার ঘটল নজিরবিহীন ঘটনা। মোদী সরকারের বিরুদ্ধ আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে নরেন্দ্র মোদী সরকারকে নানা ইস্যুতে আক্রমণ করার পর অপ্রত্যাশিত ভাবে প্রধানমন্ত্রীর প্রতি সৌজন্য দেখালেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি প্রধানমন্ত্রী মোদীকে বললেন, আপনাদের মনে আমার প্রতি ঘৃণা আছে। আপনি আমায় পাপ্পু বলতে পারেন, আরও অনেক গালাগাল করেও ডাকতে পারেন, কিন্তু আমার ভিতরে আপনার সম্পর্কে কোনও ঘৃণা, বিদ্বেষ নেই। এ কথা বলে সোজা হেঁটে গিয়ে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী বলছেন, রাফালে ডিল নিয়ে ফ্রান্সের সঙ্গে গোপনীয়তা রক্ষার চুক্তি রয়েছে। আমি ব্যক্তিগত ভাবে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। জানতে চেয়েছি, সত্যিই এমন কোনও চুক্তি আছে কিনা। তিনি বলেছেন, এমন কিছুই নেই। তবে আসলে প্রধানমন্ত্রীর চাপে প্রতিরক্ষামন্ত্রী রাফালে নিয়ে মিথ্যা বলেছেন এমনই দাবি রাহুলের। তিনি আরও বলেন ‘দেশের সবাই বোঝেন, দেখতেও পাচ্ছেন প্রধানমন্ত্রীর মার্কেটিংয়ের পিছনে কী বিপুল পরিমাণ টাকা ঢালা হচ্ছে। বললেন রাহুল। উল্লেখ্য ‘রাফাল, কেনা নিয়ে ভারতের সাথে ফ্রান্সের ছিল ৫২০ কোটি টাকার ডিল, হঠাত্ লাফিয়ে তা বেড়ে হয়ে গেল ১৬০০ কোটি টাকার ডিলে। এভাবেই রাফাল ডিল নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা রাহুলের।