News71.com
 International
 05 Jul 18, 05:25 PM
 299           
 0
 05 Jul 18, 05:25 PM

মালায়েশিয়ায় আটক বাংলাদেশিসহ বিদেশিদের দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু।।  

মালায়েশিয়ায় আটক বাংলাদেশিসহ বিদেশিদের দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় আটক অবৈধ বিদেশি কর্মীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করছে দেশটির কর্তৃপক্ষ। ফলে আটক প্রায় এক হাজার বাংলাদেশি দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। এদিকে নতুন করে এই অভিযান এবং মানব পাচার সিন্ডিকেটের দৌরাত্মের অভিযোগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া স্থগিত করায় মালয়েশিয়া থেকে রেমিট্যান্স প্রেরণে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়ায় দুই বছরের বেশি সময় ধরে চলা রিহায়ারিং কর্মসূচির মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে অনিয়মিত বিদেশি কর্মীদের তাদের ভিসা স্ট্যাটাস নিয়মিত করতে সুযোগ দিয়েছিল দেশটির সরকার। সময়সীমা শেষ হওয়ার পর ১ জুলাই থেকে ‘অপস মেগা ৩.০’ শুরু হয়েছে। সূত্রে জানা গেছে,কুয়ালালামপুরের বুকিত বিনতাং, কোতারায়া, পেতালিং,পোলাউ পিনাং, ইপু পেরাকসহ মালয়েশিয়ার কয়েকটি প্রদেশে অবৈধদের ধরতে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। কয়েক দিনের অভিযানে অবৈধ প্রায় চার হাজার বিদেশি কর্মীকে আটক করা হয়েছে। যাদের প্রায় এক-চতুর্থাংশ বাংলাদেশি বলে জানা গেছে।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের দায়িত্বশীল সূত্র জানায়,দেশটিতে প্রায় ১০ লাখের মতো বাংলাদেশি কর্মী রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি নিয়মিত কর্মী হিসেবে কাজ করছে। বাকিরা নিয়মিত হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে বিপুল সংখ্যক শ্রমিক বৈধ হতে কোম্পানি কিংবা দালালের কাছে টাকা ও পাসপোর্ট জমা দিয়েও বৈধতার সুযোগ পাননি। তারা প্রতারণার শিকার হয়েছেন। এছাড়া অনেক সময় নিয়োগকর্মী পাসপোর্ট জিম্মি করে রাখায় কর্মীরা অবৈধ হয়ে পড়ছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে,২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৭ লাখ ৪৮ হাজার কর্মী বৈধতা পেতে নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৩৩২ জনকে বৈধতার অযোগ্য ঘোষণা করা হয়েছে। যাদের ৩০ আগস্টের মধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া প্রতারক কোম্পানি ও এজেন্ট শনাক্তে শিগগিরই মাঠে নামছে কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন