
আন্তর্জাতিক ডেস্ক: ভারত-চিন সম্পর্ক আরও শক্ত করার লক্ষ্যে ভারতের বাজার চীনাদের জন্য উন্মুক্ত করল দিল্লীর কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতেই ‘ব্যাংক অব চাইনা’কে ভারতের বাজারে ব্যবসা করার অনুমতি দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া৷ বুধবার, ব্যাংক অব চাইনার প্রস্তাবকে অনুমোদন দেওয়া হয়৷ তবে, ব্যাংকিং সেক্টরে চিনা অনুপ্রবেশ নিয়ে বেশ চিন্তিত দেশের অর্থনীতিবিদরা৷ যখন সরকারি ব্যাংকগুলি ঋণ দিয়ে প্রায় ফতুর, ঠিক তখনই চিনা ব্যাংকের ভারতে পা রাখার খবরে বেশ উদ্বিগ্ন পর্যবেক্ষক মহলের একাংশ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী অর্থবর্ষ থেকে ভারতের বাজার দখল করতে মাঠে নামবে ব্যাংক অব চাইনা৷ এর আগে ভারতের বাজারে একাধিক দেশের একাধিক ব্যাংক তাদের শাখা খুলে জমিয়ে ব্যবসা করছে৷ ভারত-চিন সম্পর্ক যখন নতুন মাত্রা পেতে শুরু করেছে, ঠিক তখনই সুযোগ বুঝে ভারতের বাজার শাসনে পথে আরও এক পা বাড়াতে সচেষ্ট হল চিন৷
তবে, চিনা ব্যাংককে ভারতে ব্যবসা করার অনুমতি প্রসঙ্গে আরবিআইয়ের ভূমিকা নিয়ে শুরু হয়েছে সমালোচনা৷ অনাদায়ী ঋণের বোঝা নিয়ে যখন ধুকছে একের পর এক সরকারি ব্যাংক, যখন সঞ্চয়ের উপর সুদ কমিয়ে চলছে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ, ঠিক তখনই কেন চিনা ব্যাংককে বৈধতা দিল আরবিআই? প্রশ্ন সাধারণ ব্যাংক গ্রাহকদের৷ এমনিতেই চিনকে নিয়ে বিরোধী রাজনৈতিক অবস্থান রয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপির৷ দেশ প্রেমের জিগির তুলে সম্প্রতি চিনা পণ্য বয়কট করেও রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে গেরুয়া শিবির৷ কিন্তু, আন্তর্জাতিক পরিস্থিতি উপলব্ধি করে নিজেদের প্রয়োজনে ফের কাছাকাছি এসেছে ভারত-চিন৷ ফলে, এই পরিস্থিতিতে চিনের জন্য ভারতের বাজার খুলে দেওয়ার সিদ্ধান্ত আদৌ মোদি সরকারের বুমেরাং হবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা৷