
আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্পের ইমিগ্রেশন নীতির বিরুদ্ধে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকালে ৫৭৫ নারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভকালে তাদের গ্রেফতার করে ক্যাপিটল হিলের পুলিশ। জানা যায়,মা-বাবার কাছ থেকে শিশুদের বিচ্ছিন্ন করার নিন্দা এবং অবিলম্বে অভিবাসীদের ঢালাওভাবে গ্রেফতার ও বহিষ্কারের অভিযান বন্ধের দাবিতে হাজার হাজার নারী আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইন অমান্য আন্দোলনে অংশ নেন। এ সময় ক্যাপিটল হিলের পুলিশ ৫৭৫ জন নারীকে গ্রেফতার করেছে। পুলিশ তাদের ওই নারীদের বিরুদ্ধে রাস্তা-ঘাটে যান চলাচলে বিঘ্ন ঘটানোর পাশাপাশি অনুমতি না নিয়ে বিক্ষোভ-সমাবেশ করার অভিযোগ এনে গ্রেফতার করে।
সমাবেশ থেকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তথা আইস বিলুপ্তির দাবি জানিয়ে আন্দোলনকারীরা বলেন,ট্রাম্প প্রশাসনের আজ্ঞাবাহী হিসেবে এই সংস্থা মাঠে নেমেছে অবৈধভাবে বসবাসরতদের গ্রেফতারের জন্য। বিক্ষোভকারীরা অবিলম্বে সীমান্তে গ্রেফতার হওয়া বিদেশিদের প্যারলে মুক্তি প্রদানের দাবি জানান। এছাড়া,যুক্তরাষ্ট্রে প্রবেশকালে গ্রেফতারদের সাথে থাকা যেসব শিশু সন্তানদের কেড়ে নেয়া হয়েছে, তাদের অবিলম্বে মা-বাবার কাছে ফেরৎ প্রদানের দাবিও করেছেন তারা। ক্যাপিটল হিলের সিনেট বিল্ডিংয়ের সামনে থেকে গ্রেফতার হওয়া সকলেই শ্বেতাঙ্গ এবং আমেরিকান। তবে তারা স্প্যানিশ ভাষায় স্লোগান দিয়েছেন। কারণ,গ্রেফতারদের ৯৮ শতাংশ হলেন স্প্যানিশ। এর মধ্যে কংগ্রেসওম্যান (ওয়াশিংটন-ডেমক্র্যাট) প্রমিলা জয়পাল এবং খ্যাতনামা অভিনেত্রী সুজান সারান্ডনও রয়েছেন।