
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়া থেকে গত কয়েকদিনে এক হাজার ১৪০ জন রুশ সেনা,২০টির বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার ক্রেমলিনে সামরিক কলেজের একটি অনুষ্ঠান বক্তৃতা দেয়ার সময় এ কথা জানান তিনি। ক্রমান্বয়ে আরও সেনাবাহিনী ও সরঞ্জাম প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়। পুতিন বলেন,আমার হমেইমিম ঘাঁটি পরিদর্শনের পর থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। গত কয়েকদিনে সিরিয়া থেকে আমরা ১৩টি বিমান,১৪টি হেলিকপ্টার ও ১১৪০ সেনা সদস্য প্রত্যাহার করে নিয়েছি।
সিরিয়ায় গৃহযুদ্ধের শুরুতে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। তুরস্ক,সৌদি আরব,ইসরাইলসহ অনেক দেশও যুক্তরাষ্ট্রের মতো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উৎখাত চেয়েছিল। কিন্তু সিরীয় যুদ্ধ শুরু হওয়ার ২ বছরের মাথায় আসাদের সমর্থনে সিরিয়ায় সেনা ও বিমান পাঠিয়ে পাল্টা ব্যবস্থা নেয় রাশিয়া। সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ব্যর্থ হওয়া এবং রুশ সফলতায় ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখন পাল্টে গেছে। রুশ প্রেসিডেন্ট পুতিন গত বছরের ডিসেম্বরে সিরিয়া সফর করেছিলেন।