
আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে বিশ্বের প্রভাবশালী এ দুই রাষ্ট্রনেতা বৈঠকে বসবেন। আজ বৃহস্পতিবার ক্রেমলিন ও হোয়াইট হাউস পুতিন-ট্রাম্পের বৈঠকের স্থান ও সময়ের তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলছে, ১৬ জুলাইয়ের বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন এ দুই রাষ্ট্রনেতা।
এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুতিনের সঙ্গে তার বৈঠক আগামী ১১ ও ১২ জুলাইয়ের পর হতে পারে। তার আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতাদের সঙ্গে বসবেন তিনি। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে ওই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তার এই ইঙ্গিতের একদিন পর হোয়াইট হাউস থেকে বৈঠকের তথ্য নিশ্চিত করা হলো। বৈঠকের স্থান এবং সময় একযোগে ঘোষণা দিয়েছে মস্কো এবং ওয়াশিংটন। পুতিন-ট্রাম্পের এ বৈঠক শিগগিরই সম্পন্ন করার লক্ষ্যে বুধবার উভয় দেশ একটি চুক্তিতে পৌঁছায়।