
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্থনি কেনেডি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পকে লেখা চিঠিতে এই বর্ষিয়ান বিচারপতি আগামী ৩১ জুলাই নাগাদ পদত্যাগ করার কথাও জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে ৮১ বছর বয়স্ক অ্যান্থনি কেনেডি মার্কিন সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বিচারপতির প্যানেলে দ্বিতীয় প্রবীণ বিচারপতি। সমলিঙ্গ বিবাহ ও গর্ভপাতের অধিকারের মতো আলোচিত বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভোট দিয়েছেন তিনি। তবে রিপাবলিকান পার্টি মনোনীত হলেও তিনি উদারপন্থী হিসেবে পরিচিত ছিলেন এবং তার দেওয়া অনেক ভোটই প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির বিপক্ষে গিয়েছিলো। গতকাল বুধবার আমেরিকার অভিজ্ঞ ও প্রবীণ এই বিচারপতির পদত্যাগের খবর প্রকাশ হওয়ার পর মার্কিন নাগরিক সমাজ ধাক্কা খেয়েছে। তবে এবার বিচারপতি কেনেডির স্থলে আরও নির্ভরযোগ্য রক্ষণশীল বিচারপতি নিয়োগ দেয়ার সুযোগ পেলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্র্যাটদের আশঙ্কা এতে সর্বোচ্চ মার্কিন আদালতে রক্ষণশীলরা আরও শক্তিশালী হবে।
একজন প্রধান বিচারপতি ও আটজন বিচারপতি নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্টের মনোনীত বিচারপতিদের নিয়োগ দেয় সিনেট। একবার নিয়োগ দেওয়ার পর পদত্যাগ, অবসর বা ইমপিচমেন্ট ছাড়া তারা আমৃত্যু দায়িত্ব পালন করতে পারেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময় (১৯৮৮ সালে) ওই পদে নিয়োগ পান বিচারপতি অ্যান্থনি কেনেডি। দায়িত্ব পালনকালে ১৯৯৬ সালে বিচারপতি কেনেডি সুপ্রিম কোর্টে সমলিঙ্গীয়দের অধিকার রক্ষার পক্ষে প্রথমবার আদালতের সিদ্ধান্ত দেন। ২০১৫ সালে সমলিঙ্গীয়দের বিয়ের অধিকার রক্ষার পক্ষে নিজের মতামত দেন।
যদিও প্রেসিডেন্টকে লেখা পদত্যাগপত্রে বিচারপতি কেনেডি দায়িত্ব পালনে সহায়তা করায় ট্রাম্পের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে বুধবার তার কাছে পদত্যাগপত্র জমা দেন। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প এ সম্পর্কে পরে সাংবাদিকদের বলেছেন, আধাঘণ্টা আগে তিনি এই পদত্যাগের খবর শুনেছেন। তিনি আরো জানান, নির্বাচনী প্রচারণার সময় করা আদালতের সম্ভাব্য ২৫ প্রার্থীর মধ্য থেকে অ্যান্থনির উত্তরসুরী বেছে নেবেন।