
আন্তর্জাতিক ডেস্কঃ অটল বিহারী বাজপেয়ীর মতই আগাম ভোটের পথে যেতে পারেন নরেন্দ্র মোদীও। পূর্বসূরির মত মোদীও একই ভুল করলে নিজের দলকে তৈরি থাকতে বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তাই লোকসভা ভোট এগোচ্ছে এমনটা ধরে নিয়েই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ছে তৃণমূল। নভেম্বর বা তারপর যে কোনও সময় নির্বাচনের চ্যালেঞ্জ নিতে তৈরি তৃণমূল ব্রিগেড। সাইনিং ইন্ডিয়ায় ভরসা রেখে ভারতে ২০০৪ সালে লোকসভা ভোট এগিয়ে এনেছিলেন ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী বিজেপির অটল বিহারী বাজপেয়ী। কিন্তু,সেই সিদ্ধান্ত বুমেরাং হয়। ক্ষমতা খোয়াতে হয় বিজেপিকে। ক্ষমতা পুনরুদ্ধার করে কংগ্রেসের নেতৃত্বাধীন প্রথম ইউপিএ জোট।
১৪ বছর পর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ায় এবার হয়ত সেই একই জুয়া খেলতে পারেন নরেন্দ্র মোদীও। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া ঝড়ে পরিণত হওয়ার আগেই,নির্বাচন সেরে নিতে চাইতে পারেন মোদী এমনই খবর রয়েছে তৃণমূল কংগ্রেস শিবিরের কাছে। আর সেজন্যই প্রস্তুত হচ্ছে তারা। ইতোমধ্যে মন্ত্রিসভায় প্রয়োজনীয় রদবদল সেরে ফেলেছে। দলের জেলা ও সাংগঠনিক স্তরে প্রয়োজনীয় রদবদলের পাশাপাশি ভোটার লিস্ট তৈরির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ নজর রাখতে বলা হয়েছে কর্মীদের। ভোট নভেম্বরে ধরে নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক স্তরে কর্মীদের। পাশাপাশি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বিজেপি বাড়ছে,সেদিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে।