
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে ক্ষমতাধর দেশগুলো। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্কসব মহড়া। আর এসবের মাঝেই সামনে এলো নতুন এক তথ্য। জানা গেছে,মার্কিন নৌবাহিনীর এক ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে ৬০০ গিগাবাইটের বেশি পরিমাণ তথ্য চুরি করেছে চীনের সরকারি হ্যাকাররা। সম্প্রতি দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সূত্র এমনটাই জানিয়েছে। এই বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই ঘটনা ঘটে। যে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য চুরি করা হয়েছে সেটি সাবমেরিন ও পানির নিচে ব্যবহৃত সমরাস্ত্র নিয়ে কাজ করছিল।
খবরে আরও বলা হয়,হ্যাকাররা যুক্তরাষ্ট্রের জাহাজ-বিরোধী সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির গোপন প্রকল্প পরিকল্পনাও চুরি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে,তারা এই হ্যাকিং সম্বন্ধে অবগত নয়। উল্লেখ্য,চুরি করা তথ্যগুলো ঠিকাদার প্রতিষ্ঠানের আনক্লাসিফাইড’ (গোপনীয় নয়) নেটওয়ার্কে থাকলেও তথ্যগুলো ‘ক্লাসিফাইড’ (গোপনীয়) হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।