News71.com
 International
 03 Jun 18, 06:05 PM
 354           
 0
 03 Jun 18, 06:05 PM

জলবায়ু পরিবর্তনের কূপ্রভাব।।শীতপ্রধান উত্তর ইউরোপে অস্বাভাবিক গরম

জলবায়ু পরিবর্তনের কূপ্রভাব।।শীতপ্রধান উত্তর ইউরোপে অস্বাভাবিক গরম

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের জলবায়ুতে কূপ্রভাবে আবহাওয়া চরম বদলের আরেকটি লক্ষণ দেখা যাচ্ছে উত্তর ইউরোপের শীতপ্রধান দেশগুলোতে। উত্তর ইউরোপের নরওয়ে, ডেনমার্কের মতো দেশে এবার অস্বাভাবিক গরম পড়ছে। তাপমাত্রা পৌঁছে গিয়েছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে! এ নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের। ১৮৮৯ সালে শেষ বার ডেনমার্কে মে মাসে গড় তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এর পর থেকে প্রায় ১৩০ বছর পার করলেও কখনও এই তাপমাত্রা ছাড়ায়নি। চলতি গ্রীষ্মে মে মাসের গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। রৌদ্রোজ্বল দিনের জন্য এর মধ্যে রেকর্ড গড়ে ফেলেছে স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটি। টানা ৩৪৮ ঘণ্টা সূর্য দেখা গিয়েছে এখানে। যদি সব ঠিক থাকে, তবে রেকর্ড ৩৬০ ঘণ্টাও ছাড়াতে পারে।

আরও এককাঠি ওপরে উঠে নতুন রেকর্ড গড়েছে ‘নিশীথ সূর্যের দেশ’ নরওয়ে। জুন মাস থেকে এ দেশে সরকারি ভাবে গ্রীষ্ম শুরু হয় ঠিকই, কিন্তু মে মাসেই তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিম নরওয়ের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের তীরে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন হঠাত্‍ বদলে যাওয়া সূর্যের ছোঁয়া পেতে। বছরের এ সময়টা ওই দেশে দিন বা রাতের তফাত বিশেষ একটা বোঝা যায় না। ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে। কিন্তু এত গরম কখনোই থাকে না। এমনিতে দুই মেরুর বরফ উল্লেখযোগ্য হারে গলছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রের পানির উচ্চতা। এমন পাল্টে যাওয়া আবহাওয়ার পেছনে বিশ্ব উষ্ণায়নই দায়ী কিনা তা নিয়ে অবশ্য গবেষণা চলছে। তবে এটা যে অন্যতম কারণ তা নিয়ে কারও কোনও সন্দেহ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন