
আন্তর্জাতিক ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন পাকিস্তানের জাতীয় নির্বাচনে লড়তে যাচ্ছেন ভারতের মুম্বাই হামলার মাস্টার মাইন্ড কুখ্যাত জঙ্গীনেতা হাফিজ সাঈদ। আগামী ২৫ জুলাই হবে পাকিস্তানের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তাতেই প্রার্থী হচ্ছে এই জঙ্গি নেতা কুখ্যাত মাফিয়াডন হাফিজ সাঈদ । নির্বাচনকে সামনে রেখে হাফিজে সাঈদের সংগঠন জামাত উদ দাওয়া ইতিমধ্যেই একটি রাজনৈতিক মঞ্চ গড়েছে। ‘আল্লাহু আকবর তেহরিক’ নামে সংগঠনের হয়েই ভোটে নেমে পড়েছে জঙ্গিনেতা হাফিজ সাঈদ। ফলে তার প্রতিষ্ঠিত সংগঠন ‘জামাত উদ্ দাওয়া’ পাকিস্তানের নির্বাচন কমিশন কতৃক নিবন্ধন না পেলেও দেশটির প্রচলিত আইন অনুয়ায়ী হাফিজ সাঈদ ও তার দলের সরাসরি ভোটে অংশ গ্রহনে কোন আইনগত বাঁধা নেই ।
উল্লেখ্য গত ২০০৮ সালে ভারতের বানিজ্যিক রাজধানি মুম্বাই শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ হামলার পর থেকেই জঙ্গীনেতা হাফিজকে নিয়ে আন্তর্জাতিক মহলে বারবার মুখ পুড়িয়েছে পাকিস্তান।মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের লাগাতার কুটনৈতিক চাপে অনেকটা বাধ্য হয়েই হাফিজ সাঈদকে প্রাথমিকভাবে গৃহবন্দি করা হলেও পরে তাকে ছেড়ে দেয় পাকিস্তান সরকার। সরকারের একটি মহলের ইঙ্গিতে বন্দিদশা থেকে মুক্তির পর জমকালো শোডাউন করে হাফিজ সাঈদকে বরণ করার ব্যবস্থা করে দেওয়া হয় তার বাড়িতেই । আর এরপরই প্রকাশ্য রাজনীতিতে নেমে পড়েন জঙ্গীনেতা হাফিজ সাঈদ । তিনি নির্বাচনে লড়াই করার জন্য তার প্রতিষ্ঠিত ‘জামাত উদ দাওয়া’ ‘আল্লাহু আকবর তেহরিক’ নামের একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠনের সাথে মোর্চা গঠন করে ফেলেন।
জানা গেছে আল্লাহু আকবর তেহরিক সংগঠনটি পাকিস্তান নির্বাচন কমিশন দ্বারা নিবন্ধিত। ফলে সেই সংগঠনের হয়ে প্রচারে বৈধতা পেয়েছে হাফিজ সাঈদ ও তার সংগঠন জামাত উদ দাওয়ার ।মনে করা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কয়েকটি আসনে হাফিজ সাঈদের জঙ্গি সংগঠনের রাজনৈতিক মঞ্চ প্রার্থী দেবে। তবে এখনও হাফিজ সাঈদের প্রার্থী হওয়া নিয়ে ধোঁয়াশা কাটেনি। বর্তমানে পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আভ্যন্তরীণ মহল প্রবল উত্তপ্ত। কার্যকরী প্রধানমন্ত্রীর পদ সামলাচ্ছেন বিচারপতি নাসিরুল মুল্ক। এবার নির্বাচনের মূল লড়াই সাম্প্রতিক সময়ে বহিস্কৃত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএল(এন) বনাম প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পিপিপি-র মধ্যে। তবে কয়েকটি এলাকার প্রবল শক্তি নিয়ে হাজির হচ্ছে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ।
উল্লেখ্য ২০০৮ সালে ২৬ নভেম্বর থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর পর্যন্ত চলে সিরিজ হামলা । এসময় মুব্বাইয়ের তাজ হোটেল, গ্র্যান্ড ওবেরয় ট্রেন্ড হোটেল, সিএসটি রেল ষ্টেশন, নরিমন হাইচ( ইহূদী কমিউনিটি সেন্টার) কামা হাসপাতালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয় । এই হামলায় সর্বমোট ১৬৪ জন নিহত হন। যাদের মধ্যে বেশীরভাগই ছিল বিদেশী নাগরিক । যদিও পাকিস্তান কখনই ভারতের মুম্বাই হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেনি । বরাবরই তারা অস্বীকার করে আসছিল এই হামলায় তাদের যোগসাজশের কথা । যদিও সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মুসলিম লীগ-এন প্রধান নেওয়াজ শরীফ ও পাকিস্তানের প্রাক্তন সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান জেনারেল আসাদ দুরানি সরাসরি মুম্বাই হামলায় তাদের সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতার কথা স্বীকার করেছেন। যা আন্তর্জাতিক অঙ্গনে ভারতের দীর্ঘদিনের দাবীকে প্রতিষ্ঠা দেয়ার আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে চরম অস্বস্তিতে ফেলেছে । আর এসবের মধ্যেই মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ সাঈদ নির্বাচনে নেমে পড়ায় দেশটির পরিস্থিতি আরও জটিল ও ঘোরালো হচ্ছে।