
নিউজ ডেস্ক : স্পেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সমাজতান্ত্রিক দলের নেতা পেড্রো সানচেজ। এর মধ্য দিয়ে সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নেওয়া মারিয়ানো রাজয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। আজ শনিবার দেশটির রাজা ষষ্ঠ ফেলিপের কাছ থেকে শপথ নেন পেড্রো। এসময় সংবিধান রক্ষার প্রতিশ্রুতি দেন এই বামপন্থি নেতা। উল্লেখ্য বড় ধরনের দুর্নীতিতে জড়িত দেশটির ক্ষমতাসীন পিপলস পার্টিরনেতা সদ্য সাবেক প্রধানমন্ত্রী রাজয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন স্প্যানিশ স্যোশালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) নেতা সানচেজ। বৃহস্পতিবারই সানচেজের এই অনাস্থা প্রস্তাবের পক্ষে ছয়টি ছোট দলের সমর্থন আসে। এর ফলে ক্ষমতাচ্যুত হতে হয় রাজয়কে। আর মাত্র এক তৃতীয়াংশ আসন পাওয়া দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী পদের জন্য শপথ নেওয়া পেড্রো আগামী সপ্তাহেই ঘোষণা করবেন; কে তার মন্ত্রিসভায় থাকছেন আর কে থাকছেন না। শপথ গ্রহণের পর আজ শনিবার মাদ্রিদে রাজপ্রসাদে এক বিবৃতিতে পেড্রো(৪৬) বিশ্বাসের সঙ্গে তার দায়িত্ব পালনের কথা জানিয়েছেন।