
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমার সেনাবাহিনীর তাণ্ডবে জীবন বাঁচাতে রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরে যেতে চাইলে তাদের সবাইকে ফিরিয়ে নিতে প্রস্তুত রয়েছে দেশটি। আজ মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন এ ধরনের কথা বলেছেন। সিঙ্গাপুরে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে শাংরি-লা সংলাপে তার কাছে জানতে চাওয়া হয়,রাখাইন রাজ্যের পরিস্থিতিতে কি জাতিসংঘের সুরক্ষা দায়বদ্ধতা (আরটুপি) কাঠামো চালু করা যেতে পারে? সেই প্রশ্নের জবাবে থং তুন বলেন,স্বেচ্ছায় সাত লাখ রোহিঙ্গাদের যদি ফেরত পাঠানো হয়, তাহলে আমরা তাদের আমাদের দেশে গ্রহণ করতে রাজি। আরটুপি হলো,নিজ দেশের মানুষকে গণহত্যা,যুদ্ধাপরাধ, জাতিগত নিধন ও মানবতাবিরোধী অপরাধ থেকে রক্ষা এবং এই প্রতিশ্রুতিকে সমর্থন করার জন্য পারস্পরিক উৎসাহ প্রদান এবং সহায়তা করতে সম্মত হওয়ার বিষয়। ২০০৫ সালে জাতিসংঘের বিশ্ব সম্মেলনে আরটুপি ফ্রেমওয়ার্ক গৃহীত হয়।
মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন,রাখাইনে কোনো যুদ্ধ চলছে না। কোনো যুদ্ধাপরাধ তারা করেননি। মানবতাবিরোধী অপরাধের বিষয় হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে তার জন্যও পরিষ্কার প্রমাণ প্রয়োজন। গুরুতর এই অভিযোগ প্রমাণ করা উচিত এবং কোনো ভাবেই তা হালকাভাবে নেওয়া উচিত হবে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে,২০১৭ সালের ২৫ আগস্ট থেকে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।