
আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট দেশের সীমা ছাড়িয়ে বিশ্ব জয় করতে প্রস্তুত। জাপানে পাটের বাজার সৃষ্টির উদ্দেশ্য নিয়ে পাটের পরিবেশ-বান্ধব ব্যবহার ও পাটের অপার সম্ভাবনা সংক্রান্ত এক আলোচনা এবং বিজনেস টু বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠানে বক্তারা এই আশাবাদ প্রকাশ করেন। আজ মঙ্গলবার সকালে পরিবেশবান্ধব পাট ও জাপানে বাংলাদেশের পাটজাত পণ্যের সম্ভাবনা নিয়ে এক গোল-টেবিল আলোচনা ও বিটুবি নেটওয়ার্কিং সেশনের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস,টোকিও। দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী,বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদলের সদস্য ও ব্যবসায়ীগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক জাপানি ব্যবসায়ী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। অনুষ্ঠানে যোগদান করায় তিনি অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন,বাংলাদেশ বিভিন্ন দিক থেকে এগিয়ে যাচ্ছে,আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল ও বিশাল বাজার বিদ্যমান,এছাড়া জাপানি বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশকে নিয়ে যে জরিপ করেছে তাতেও বাংলাদেশকে ভবিষ্যৎ বিনিয়োগের গন্তব্য হিসাবে উল্লেখ করেছে। দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান উল্লেখ করে বাংলাদেশের সম্ভাবনাময় পাট শিল্প খাতে জাপানি বিনিয়োগকারীদের অধিক হারে বিনিয়োগ করার আহবান জানান রাষ্ট্রদূত।