
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্টকে রুটিনমাফিক বহন করে ডেনা এয়ারওয়েজ নামের একটি এয়ারলাইন কম্পানি। এবার এই বিমান কম্পানির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার মার্কিন অর্থ বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, সন্ত্রাসীদের অর্থায়নের কারণে ডেনা এয়ারওয়েজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। ২০০১ সালের 'প্রেসিডেন্সিয়াল অর্ডার' অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ডেনা এয়ারওয়েজ ইরানের সরকারি ফ্লাইটগুলো পরিচালনা করে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা মেরাজ এয়ার গত বছর তাদের 'ভিআইপি ফ্লাইট অপারেশনস' ডেনা এয়ারওয়েজের কাছে হস্তান্তর করেছে।
এদিকে, ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল (এনআইএসি)-র নির্বাহী পরিচালক ত্রিটা পার্সি বলেছেন, ডেনা এয়ারওয়েজ কেবল একটি বিমান পরিচালনা করে। আর এই বিমানেই প্রেসিডেন্ট রুহানি ভ্রমণ করেন। অন্যদিকে, এয়ারফ্লিটস ওয়েবসাইট জানিয়েছে, ডেনা এয়ারওয়েজ কেবলমাত্র একটি বিমান পরিচালনা করে। সেটি হলো এয়ারবাস এ৩৪০-৩০০, যা ১৯ বছরের পুরনো।