
আন্তর্জাতিক ডেস্কঃ অনৈতিকভাবে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল একদল জঙ্গি।খবর পেইয়ে জবাব দিতে শুরু করল ভারতীয় সেনা। যার কারণে প্রাণ গেল পাঁচ জঙ্গির। ঘটনাস্থল সেই কাশ্মীর উপত্যকা। আজ শনিবার সকালের দিকে ঘটনাটি ঘটে জম্মু-কাশ্মীরের ট্যাংধার সেক্টরে। এদিন সকালের দিকে একদল জঙ্গি আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসতেই তাদের প্রতিহত করতে উদ্যত হয় বর্ডার সিকিউরিটি ফোর্স।
অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে সেনাবাহিনী। ভারতীয় সেনাকে লক্ষ্য করে পালটা গুলি ছোঁড়ে অনুপ্রবেশকারী জঙ্গিরা। শুরু হয়ে যায় দুই পক্ষের গুলির লড়াই। একদম প্রথম পর্যায়েই প্রাণ হারায় চার জঙ্গি। এর কিছু সময় পরে আরও এক জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। এই ঘটনায় কোনও ভারতীয় সেনা জওয়ান হতাহত হয়নি। ঠিক কতজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল সেই সংখ্যাটা এখনও জানা যায়নি। সমগ্র এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। সীমানা লাগোয়া এলাকায় কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।