
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে মার্কিন কূটনীতিকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সেই সঙ্গে তিনি পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার ওই দেশে মার্কিন সহায়তার পরিমাণ আরো কমতে থাকবে। মার্কিন কংগ্রেসে এ ধরনের কথা বলার আগে গত বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরে কর্মরতদের সঙ্গে আলোচনা করেন তিনি। তার পরই পাকিস্তানের ওপর চটেছেন পম্পেও। পম্পেও বলেন,আমাদের কর্মকর্তাদের সঙ্গে একেবারেই খারাপ আচরণ করছে পাকিস্তান। সেখানকার দূতাবাস থেকে শুরু করে অন্যান্য জায়গায়ও ভালো আচরণ করছে না পাকিস্তান সরকার। অন্যদিকে চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানি কূটনীতিকদের ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয়,যুক্তরাষ্ট্রে নিয়োজিত পাকিস্তানি কূটনীতিকরা ৪০ কিলোমিটার ব্যাসার্ধের বাইরে যেতে পারবেন না। পাকিস্তানে নিয়োজিত মার্কিন কূটনীতিকরাও বাধানিষেধের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও পাকিস্তান সরকারের দাবি,তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।