
আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের পার্লামেন্টের সদস্যরা আবারো স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন হিজবুল্লাহর বন্ধু নাবীহ বেররিকে। এ নিয়ে ষষ্ঠবারের মতো নির্বাচিত হলেন তিনি। ১৯৯২ সাল থেকে স্পিকার হিসেবে টানা দায়িত্ব পালন করে আসছেন নাবীহ। জানা গেছে, একশ ২৮ ভোটের মধ্যে ৯৮ ভোট পেয়ে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া হিজবুল্লাহর আরেক মিত্র এলি ফারজিল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯৭৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত লেবাননে গৃহযুদ্ধ শেষের পর থেকে হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত ৮০ বছর বয়সী বেররি। জানা গেছে দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি বেররিকে সমর্থন করেন। লেবাননের রাজনৈতিক সিস্টেম অনুযায়ী,নতুন কাউকে মনোনিত করার ক্ষেত্রে দেশের রাষ্ট্রপতি অন্য রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করার নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে প্রেসিডেন্ট মাইকেল আউন আগামীকাল বৃহস্পতিবার আইনপ্রণেতা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।