
আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার শ্বেতসাগরে অবস্থানরত একটি সাবমেরিন থেকে এ পরীক্ষা চালানো হয়। রুশ সামরিক সূত্র এ খবর নিশ্চিত করেছে। প্রজেক্ট ৯৫৫ বোরেই শ্রেণির কৌশলগত ইউরি দোলগোরুকি সাবমেরিন থেকে চারটি বুলাভা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের কুরা রেঞ্জে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। এ ধরনের সাবমেরিন থেকে এই প্রথম রাশিয়া কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো।
গতকাল মঙ্গলবারের পরীক্ষার মধ্য দিয়ে একথা নিশ্চিত হয়েছে যে, প্রজেক্ট ৯৫৫ বোরেই কৌশলগত সাবমেরিন ও বুলাভা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুদ্ধের জন্য প্রস্তুত। আর-৩ বুলাভা হচ্ছে রাশিয়ার সমুদ্রভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ২০১৩ সালের জানুয়ারি মাসে রুশবাহিনীতে যুক্ত হয়। এ ক্ষেপণাস্ত্র একই সঙ্গে ছয়টি ওয়ারহেড বহন করতে পারে এবং সর্বোচ্চ ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।