
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শীর্ষ বৈঠকের স্থান ও সময় নির্ধারিত হয়েছে। কিন্তু এর আগেই জাপান উপকূলে রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার মার্কিন রণতরী ইউএসএস মিলিয়াস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ান জাপানের ইউকোসুকা নৌঘাঁটিতে এসে পৌঁছায়। রণতরীটি ইউকোসুকায় আগে থেকে মোতায়েন নৌবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে। ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যকার শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর অন্তত তিন সপ্তাহ আগেই এ অঞ্চলে মার্কিন রণতরী মোতায়েন করা হল। উত্তর কোরিয়া দুই সপ্তাহের মধ্যে তাদের পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র ধ্বংসের ঘোষণা দিয়েছে। পুঙ্গি-রি পরমাণু পরীক্ষা কেন্দ্র আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে ২৩ থেকে ২৫ মের মধ্যে ধ্বংস করা হবে। এ পদক্ষেপের মধ্যে রয়েছে ওই কেন্দ্রের সব গবেষণা ভবন,পর্যবেক্ষণ কেন্দ্র ও নিরাপত্তা চৌকি ধ্বংস করে দেয়া।
বন্ধ করার ঘোষণা দেয়া পুঙ্গি-রি পরমাণু পরীক্ষা পিয়ংইয়ং আসলেই বন্ধ করছে কি না,তা সরেজমিন পর্যবেক্ষণ করার জন্য পরীক্ষা কেন্দ্রে প্রবেশাধিকার চেয়েছে বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম। পশ্চিমা দেশগুলো ও চীনের প্রায় দুই ডজন সংবাদমাধ্যম গতকাল মঙ্গলাবর পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা হয়েছে।এদিকে ট্রাম্প-কিমের শীর্ষ বৈঠক নিয়ে দোলাচলের মধ্যে যুক্তরাষ্ট্র সফর করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি। কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সম্পর্ক এগিয়ে নেয়ার লক্ষ্যে মুন ওয়াশিংটন সফর করছেন বলে মনে করা হচ্ছে।