
আন্তর্কাতিক ডেস্কঃ দিন কয়েক আগে পাক গণমাধ্যমে লেখালেখি হয়,শত্রুতা ভুলে ভারতের সঙ্গে ইসলামাবাদের এক হওয়ার ব্যাপারে। সে ধরনের আলোচনা শুরু হয় উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক কিছুটা গাঢ় হওয়ার আভাসে। তবে পাকিস্তান কিংবা চীনের সঙ্গে কূটনৈতিক অবস্থার উন্নতি করতে না পারলেও রাশিয়ার সঙ্গে সম্পর্কে জট কাটাতে সে দেশে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২১ মে এক দিনের সফরে সে দেশে যাচ্ছেন তিনি। জানা গেছে,কোনো পূর্ব নির্ধারিত আলোচ্যসূচি থাকছে না। কোনো প্রোটোকলও থাকবে না। ঘরোয়া পরিবেশে খোলামেলা আলোচনা করবেন মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সঙ্গে যখন যুক্তরাষ্ট্রের যুযুধান পরিস্থিতি,সে সময়ে মোদির সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ধারণনা করা হচ্ছে,শীর্ষ পর্যায়ের এই আলোচনায় জট অনেকটাই কাটতে পারে। গত দুই বছরে ভারতের বারবার অনুরোধ সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে মস্কো। দুই দেশের মধ্যে সেনা মহড়াও করা হয়েছে দক্ষিণের উষ্মা বাড়িয়ে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার দ্বৈরথ তৈরি হওয়ায় চাপে পড়ে গেছে ভারত। এদিকে হোয়াইট হাউসও সাফ জানিয়ে দিয়েছে,রাশিয়া থেকে যে দেশ বড় ধরনের অস্ত্র কিনবে তাকে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে। জানা গেছে,পুতিনের সঙ্গে আলোচনায় এই বিষয়গুলো উঠে আসবে।