News71.com
 International
 15 May 18, 11:54 AM
 258           
 0
 15 May 18, 11:54 AM

১-২ বছরের মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিল মাহাথির মোহাম্মদ।

১-২ বছরের মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিল মাহাথির মোহাম্মদ।

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, আগামী দুই কিংবা এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। এরপর আনোয়ার ইব্রাহিম তার দায়িত্ব নেবেন। আজ মঙ্গলবার কুয়াললামপুর থেকে ওয়াল স্ট্রিট জার্নালের সিইও সম্মেলনে ভিডিও বার্তায় দেওয়া এক বক্তব্যে একথা বলেন তিনি। তিনি জানান, পরবর্তী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার মুক্তি পাবেন। বিরোধী জোটের নেতৃত্ব নেওয়ার সময় মাহাথির চুক্তিবদ্ধ হয়েছিলেন, জোট ক্ষমতায় এলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। তবে এর দুই বছরের মধ্যে আনোয়ার ইব্রাহিমের মুক্তি নিশ্চিত করে তার কাছে সরকারপ্রধানের দায়িত্ব হস্তান্তর করবেন তিনি। শপথ নিয়ে মাহাথিরও বলেছিলেন, দ্রুতই আনোয়ারের মুক্তি নিশ্চিত করবেন তিনি। মাহাথির বলেন, দায়িত্ব ছাড়লেও দেশ শাসনে ভূমিকা রাখবেন তিনি। আজ মঙ্গলবার মুক্তি পাওয়ার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। তাকে রাজকীয় ক্ষমার বিষয়টি আলোচনার জন্য বুধবার সময় নির্ধারণ করে ক্ষমা প্রশ্নে গঠিত কমিটি।

মন্ত্রিসভা গঠনে দুজনের মধ্যে বিরোধ দেখা গেছে। মাহাথির স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনিই সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, আমি আশা করি আনোয়ারও তিনটি দলের নেতা হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। মন্ত্রিসভা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নেবো। আর আনোয়ার ইব্রাহিম বলেছেন, আমি তাড়াহুড়ো করছি না। আনোয়ার ইব্রাহিম ও মাহাথির মোহাম্মদ একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু মতপার্থক্যের জেরে ১৯৯৮ সালে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে আনোয়ার ইব্রাহিমকে সরিয়ে দেন মাহাথির। এরপর কথিত সমকামিতার অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়। তবে রাজনৈতিক পালাবদলের ধারাবাহিকতায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে হটাতে তারা আবার মিত্রে পরিণত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন