
আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৭-১৮ অর্থবছরে দ্বিগুণ মুনাফা করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ বিমান সংস্থা এমিরেটস। পরিসংখ্যানে প্রকাশ, মার্চে শেষ হওয়া অর্থবছরে দুবাইভিত্তিক এ বিমান সংস্থার নেট মুনাফা ১২৪ শতাংশ বেড়ে হয়েছে ৭৬২ মিলিয়ন ডলার। এ বিষয়ে এমিরেটসের চেয়ারম্যান ও সিইও শেখ আহমদ বিন সাইদ আল-মাখতুম বলেন,বিশ্বে আকাশপথে পণ্য পরিবহন শিল্পে যে পুনরুদ্ধার ঘটেছে, তাতে আমরা লাভবান হয়েছি। এ ছাড়া গত বছর রাজনৈতিক অস্থিরতার মধ্যেও আমাদের এ অর্জন অনেক বেশি ইতিবাচক। তিনি বলেন,বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে এয়ারলাইন্সের এ মুনাফা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ব্যয় নিয়ন্ত্রণ ও দক্ষতা বৃদ্ধি। এছাড়া ফ্লাইদুবাইয়ের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলাও যথেষ্ট কার্যকর হয়েছে বলে জানান তিনি।