
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বসবাসরত উত্তরবঙ্গের ১৬টি জেলার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আসেফ বারী টুটুল। ৫১ সদস্যের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে রাফেল তালুকদার ও আশরাফুজ্জামান আশরাফ। শিগগির নতুন কমিটির অভিষেক হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিদায়ী সভাপতি আতোয়ারুল আলমের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে উত্তরবঙ্গবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউজ তাজমহল পার্টি হলে গতকাল রবিবার রাতে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের আরেকটি অংশের অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মা দিবসও উদযাপন করা হয়। এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে ডা. আব্দুল লতিফ ও রকিবুজ্জামান খান তনু। অনুষ্ঠানে নতুন কমিটি শপথগ্রহণ করেন। বিপুলসংখ্যক উত্তরবঙ্গবাসী সপরিবারে উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরসহ স্থানীয় শিল্পীরা।