
আন্তর্জাতিক ডেস্কঃ অবিবাহিত নারীদের দেশের জন্য বোঝা হিসেবে তুলে ধরে সমালোচনার মুখে পড়লেন জাপানি এক রাজনীতিবিদ। তিনি সম্প্রতি জাপানিদের সন্তান জন্মদানের হার কমে যাওয়াকে বিপর্যয়কর এবং এর পেছনে অবিবাহিত নারীদের কারণ হিসেবে তুলে ধরেন। জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা কানজি কাতো সম্প্রতি এ মন্তব্য করেছেন। তিনি বলেন,অবিবাহিত নারীরা দেশের জন্য বোঝা। সম্প্রতি দলের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন। কাতো বলেন,তাকে একটি বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে বলা হয়েছিল। তিনি তার বক্তৃতায় নবদম্পতিকে কমপক্ষে তিনটি সন্তান জন্মদানে উৎসাহিত করেছিলেন। তবে যেসব নারী বিয়ে করতে চান না তারা ওই সময় এর প্রতিবাদ করেছিল। কাতোর মতে,নারীরা যদি বিয়ে না করে তাহলে তারা সন্তান নিতে সক্ষম হবে না এবং তাদেরকে বৃদ্ধ বয়সে অন্যের সন্তানদের করের টাকায় বৃদ্ধনিবাসে থাকতে হবে। তবে কাতোর এ বক্তব্যের যথেষ্ট সমালোচনা হচ্ছে।