
আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ায় অতি বৃষ্টিতে বাঁধ ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৪ শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত অর্ধশত। গত বুধবার ভারি বৃষ্টিপাতের কারণে সোলাই শহরের কাছে একটি বাঁধ ভেঙে এ হতাহতের ঘটনা ঘটে। বিধ্বস্ত বাড়ি-ঘর ও কাঁদামাটিতে শিশুসহ আরো অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছে কেনিয়ার রেড ক্রস। এ পর্যন্ত ৪৭ জনকে উদ্ধারের কথাও জানিয়েছেন তারা। এছাড়াও, গৃহহীন হয়ে পড়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। বাঁধটি পুরোপুরি ভেঙে না যাওয়ায়, পরবর্তীতে আবারও এটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।