
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের পৃথক ঘাঁটিতে তালেবানদের হামলায় অন্তত ৩০ পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা আজ শুক্রবার এই হামলার কথা নিশ্চিত করেছেন। তাদের দাবি পাশ্ববর্তী ইরানে নিষিদ্ধ মাদক আফিম রফতানির বিরুদ্ধে অভিযান জোরালো করার পর এই হামলার মুখে পড়েছে পুলিশ।
ফারাহ প্রাদেশিক কাউন্সিলের ফরিদ বাখতাওয়ার জানিয়েছেন, বালাবুলুক জেলায় একটি পুলিশ ঘাঁটিতে গতকাল বৃহস্পতিবার তালেবান যোদ্ধারা আক্রমণ করলে সারারাত ধরে ভারী গুলিবিনিময় হয়। সকালে সেখানে ২৩ পুলিশের মরদেহ ও তিনজনকে আহত অবস্থায় পাওয়া যায়। ফারাহ শহরে আরেকটি হামলায় তালেবান যোদ্ধারা ১১ পুলিশ সদস্যকে হত্যা করে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের দখল নিয়েছে। গত কয়েকদিনে রাজধানী কাবুলসহ বিভিন্ন স্থানে সহিংসতা বেড়ে যাওয়ায় পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকার বেশ চাপের মুখে পাড়েছে। গত সপ্তাহে তালেবান যোদ্ধারা উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের একটি জেলা দখল করে নিয়েছে।