
আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ায় একটি বাড়ি থেকে সাতজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন। পশ্চিম অস্ট্রেলিয়ার মার্গারেট নদীর উত্তর-পূর্বাঞ্চলীয় ওসমিংটনের একটি গ্রামীণ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের দেহে গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনাকে গুলি করে হত্যার পর আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে। পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার ক্রিস ডাউসন বলেন,ভোর সোয়া ৫টার দিকে ওই বাড়ি থেকে ফোন করে পুলিশকে সাতজনের মৃত্যুর কথা জানানো হয়। দুজন প্রাপ্তবয়স্কের লাশ ছিল ঘরের বাইরে এবং চার শিশুসহ পাঁচজনের লাশ ঘরের ভেতরে ছিল। এ ঘটনার তদন্তে স্থানীয় পুলিশকে সহযোগিতা করছেন পার্থে থেকে যাওয়া গোয়েন্দারা। তাদের পুলিশের বিশেষজ্ঞ ইউনিটের সদস্যরাও তদন্তে সহায়তা দিচ্ছেন। তদন্তে ঘটনার কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।