
নিউজ ডেস্কঃ ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী রেলওয়ে স্টেশন ও ধলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে পরিচয় বিহীন এক নারী ও পুরুষের দুটি লাশ উদ্ধার করে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,গতকাল বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধলা রেলওয়ে স্টেশন এলাকার রেল লাইনের পাশে ট্রেনে কাটা রক্তাক্ত পরিচয় বিহীন এক যুবককে মৃত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে আজ বৃহস্পতিবার দুপুরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে প্রেরণ পাঠানো হয়।
অপরদিকে গতকাল বুধবার রাতে একই রেলপথের মশাখালী রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকার রেল লাইনের পাশে ট্রেনে কাটা অজ্ঞাত এক নারীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ির পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম খান বলেন,দুটি লাশই অজ্ঞাত। এখনো পরিচয় মিলেনি।