
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পার্লামেন্ট নির্বাচনে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট জয় পেয়েছে। দুর্নীতিই কাল হলো প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জন্য। গুরুর কাছে অবশেষে শিষ্যের হার হলো। গতকাল রাতে ৯২ বছর বয়সী মাহাথিরের সমর্থকদের রাস্তায় উল্লাস করতে দেখা গেছে। অসমর্থিত একটি সূত্র জানিয়েছে,সরকার গঠনের জন্য মাহাথিরকে আমন্ত্রণ জানিয়েছেন রাজা। মাহাথির মোহাম্মদ জানিয়েছেন,শিগগিরই শপথ নেবেন তারা। ২০১৪ সালে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) এক সমাবর্তন অনুষ্ঠানে মাহাথির বলেন,চট্টগ্রামের কাপ্তাই রাঙ্গুনিয়ার কোন একটি গ্রামে আমার দাদার বাড়ি ছিলো এবং দাদা পরবর্তীতে মালয়েশিয়াতে বসতি স্থাপন করেন” তার এই কথার সূত্রধরেই খোঁজ নিয়ে যানা যায় চট্টগ্রাম জেলার উত্তরাংশে রাঙ্গুনিয়া উপজেলাধীন চন্দ্রঘোনা ও কাপ্তাইগামী সড়কের সামান্য পূর্বে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ গ্রাম মরিয়মনগর। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এ গ্রামের এক যুবক ব্রিটিশ শাসিত মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি ছিলেন জাহাজের নাবিক। মালয়েশিয়ায় এ্যালোর সেটর গিয়ে এক মালয় রমণীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন। তাদের ঘরেই জন্ম নেন মুহম্মদ ইস্কান্দার। আর এই মুহম্মদ ইস্কান্দারের ছেলে সন্তান হিসেবে জন্ম নেন মাহাথির মুহম্মদ। সে হিসেবে চট্টগ্রাম হচ্ছে মাহাথির মুহম্মদ এর পূর্বপুরুষের দেশ এবং সে অনুযায়ী বাংলাদেশী রক্ত তার শরীরে বহমান।