
আন্তর্জাতিক ডেস্কঃ তাজিকিস্তানের ইশকশিম শহরের অদূরে শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এতে কেঁপেছে ভারতের কাশ্মীর এবং রাজধানী দিল্লি পর্যন্ত। আজ বুধবার সমন্বিত আন্তর্জাতিক সময় ১০টা ৪১ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪১ মিনিটে) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য শহর ইশকশিমের ৩৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১১১ কিলোমিটার গভীরে।
আফগানিস্তান সীমান্তবর্তী ইশকশিমের অদূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হলেও এতে কেঁপেছে কাবুল, পাকিস্তানের কয়েকটি শহর, এমনকি ভারতের কাশ্মীর ও দিল্লি পর্যন্ত। লোকজনকে আতঙ্কে বাসা-বাড়ি ও অফিস-আদালত থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান করতে দেখা যায়। তবে কেন্দ্রস্থল এলাকায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।