
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ তালেবান জঙ্গি নিহত হয়েছে। বোমা তৈরি করতে গিয়ে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটলে এ প্রাণহানি ঘটে। আজ মঙ্গলবার প্রাদেশিক সরকারের মুখপাত্র হারিফ নুরি বলেন, গতকাল সোমবার বিকেলে আফগানিস্তানের আন্দার জেলার গুজারা-ই-গিলান গ্রামে এ বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, তালেবান জঙ্গি ও ইসলামিক স্টেটের যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে রাস্তার পাশে বোমা পেতে রাখতে সাধারণত হাতে তৈরি এ ধরনের বোমা ব্যবহার করে থাকে। আজ মঙ্গলবার সকালের দিকে জেলা পুলিশ প্রধান বশীর আহমেদ বলেন, কান্দাহার প্রদেশের দক্ষিণের মেওয়ান্দ এলাকায় সোমবার এক বোমা হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। এ প্রতিবেদনের ব্যাপারে তালেবান জঙ্গি গ্রুপের কোন মন্তব্য পাওয়া যায়নি।