
আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক। তারই জের ধরে দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি দিয়েছে চীন। গতকাল সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেংগ শুয়াং বলেন,চীনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ধরনের তৎপরতার পরিণতি ভালো হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ান,হংকং ও ম্যাকাও-কে রাষ্ট্র হিসেবে তুলে ধরার পর এমনটা বললেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেংগ শুয়াং। হংকং ও ম্যাকাও চীনের দু টি প্রশাসনিক অঞ্চল। এছাড়া তাইওয়ানকেও নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে চীন। যেসব দেশ ও প্রতিষ্ঠান তাইওয়ানকে আলাদা রাষ্ট্র বলে মনে করে সেসব দেশ ও প্রতিষ্ঠানকে কোনো ধরনের বাধা না দিতে চীনের প্রতি আহ্বান জানান ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন,বিশ্বের সব দেশ ও প্রতিষ্ঠানের উচিত চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান দেখানো।