
আন্তর্জাতিক ডেস্কঃ পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফট্যানেন্ট গভর্নর প্রার্থী বাংলাদেশের মেয়ে আমেরিকান নাগরিক ড. নীনা আহমেদ বলেছেন,ভোটের মাঠে জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে আমার বিরুদ্ধে অপপ্রচারও বেড়ে চলেছে। তবে আমি থামবার মানুষ নই। দুই যুগেরও অধিক সময় ধরে তৃণমূলের অভিবাসী,খেটে খাওয়া মানুষের অধিকার ও মর্যাদা আদায়ের জন্য কাজ করছি। এসময় বিষয়টি অনুভব করতে শিখেছি। আমি এটাও জানি যে,নির্বাচনে জয়ী হতে হলে মোটা চামড়া লাগে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে প্রবাসীদের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ড. নীনা বলেন,বহু কারণে আমাদের এই সমাজের অনেক মানুষ এখনও অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, তাদের প্রকৃত পরিস্থিতি প্রশাসনে যথাযথভাবে উপস্থাপন এবং তার স্থায়ী সমাধানের জন্যই আমি কাজ করবো।
তিনি বলেন,বাংলাদেশের সামগ্রিক কল্যাণে অবদান রাখার স্বার্থেই প্রত্যেক প্রবাসীকে আরও জোরালোভাবে মার্কিন রাজনীতির সাথে মিশতে হবে। বাংলাদেশিসহ সকল অভিবাসীর অধিকার ও মর্যাদার প্রশ্নে সকলকে ভোট কেন্দ্রে যেতে হবে। ডেমক্র্যাটদের বিজয় নিশ্চিত করার মধ্য দিয়েই ট্রাম্প প্রশাসনের অন্যায়-অবিচার রুখে দেয়ার পথ সুগম করতে হবে। বাংলাদেশি-আমেরিকান কম্যুনিটি কাউন্সিল’র উদ্যোগে ড. নীনার নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটে। আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট এবং মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার স্বাগত বক্তব্যের পর ডেমক্র্যাটিক পার্টির এই নেতা আরও বলেন,সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। সময় হচ্ছে নির্বাচনে বিজয় নিশ্চিত করার।
ড. নীনা বলেন,অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,আমার বিরুদ্ধে আরও ৪ জন লড়ছেন। তবে অন্য সকলের চেয়ে আমার নির্বাচনী তহবিল বেশি। আমার টিভি বিজ্ঞাপণ চলছে দারুণভাবে। এ খাতে ব্যয় হচ্ছে সপ্তাহে ২ লাখ ডলার করে। আর এ অর্থ আসছে আপনাদের মত মেহনতি মানুষের পকেট থেকে। আমাকে কোনো কর্পোরেশন কিংবা কায়েমী-স্বার্থবাদী গোষ্ঠীর কাছে থেকে অর্থ নিতে হচ্ছে না। এটাই আমার প্লাস পয়েন্ট। বাংলাদেশের মেয়ে ড. নীনা বলেন,আমার নির্বাচনী তহবিলে আপনারা যে অর্থ দিচ্ছেন তা আসলে আমাদের ভবিষ্যত সুরক্ষায় বিনিয়োগের সামিল। আমরা চাই,আমাদের সন্তানেরা যেন সুখে-শান্তিতে থাকতে পারে। বহুজাতিক এ সমাজে নিজেদের কখনো দুর্বল না ভাবে।