
ট্যুইটারে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও ফেসবুকে মার্কিন প্রেসিডেন্টকে একধাক্কায় অনেকটাই পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বুধবার প্রকাশিত এক সমীক্ষার রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। বর্তমানে রাষ্ট্রনেতাদের মধ্যে ফেসবুকে বিশ্বের সবথেকে বেশি ফলোয়ার রয়েছে নরেন্দ্র মোদীর। তাঁর ফলোয়ারের সংখ্যা ৪৩.২ মিলিয়ন। ট্রাম্পকে ফলো করেন ২৩.১ মিলিয়ন লোক, যার থেকে মোদীর ফলোয়ার সংখ্যা দ্বিগুন। কমিউনিকেশন ফার্ম Burson-Martsteller-এর হাত ধরে উঠে এসেছে এই তথ্য। তবে এশিয়ায় ট্যুইটারের থেকে বেশি ফেসবুকের ব্যবহার রয়েছে। তাই এশিয়ার নেতারা সবসময়ই ফেসবুক ফলোয়ারের ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে থাকেন।
২০১৭-র ১ জানুয়ারি থেকে এই সমীক্ষা চালানো হয়েছিল। অন্তত ৬৫০ টি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ফেসবুক পেজের উপর এই সমীক্ষা চালানো হয়। তাতে দেখা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্টর ঝুলিতে রয়েছে ২০৪.৯ মিলিয়ন কমেন্ট, লাইক, শেয়ার যা মোদীর দ্বিগুণ।