
আন্তর্জাতিক ডেস্কঃ বায়ুদূষণের কারণে পৃথিবীর পরিবেশ ক্রমেই মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে প্রকাশ,শুধু বায়ুদূষণের কারণেই প্রতি বছর ৭০ লাখের মতো মানুষ মারা যাচ্ছে। বিশ্বের মোট জনসংখ্যার ৯০ শতাংশই দূষিত বায়ুর মধ্যে শ্বাস-প্রশ্বাস নেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। আজ বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে,প্রতি বছর দূষিত বায়ু সেবনের কারণে গোটা বিশ্বে অন্তত ৭০ লাখ মানুষ মারা যায়। প্রতিবেদনটি তৈরির জন্য বিশ্বের ১০৮টি দেশের ৪,৩০০ শহরের বায়ুর নমুনা পরীক্ষা করা হয়েছে। বায়ু দূষণের ফলে হৃদরোগের ঝুঁকি,স্ট্রোক,শ্বাস-প্রশ্বাস যন্ত্রের ঝুঁকি এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়ছে বলে জানিয়েছে হু। কঠোর নিয়মকানুনের মাধ্যমে উন্নত দেশগুলো এই সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারলেও এখন দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে বায়ুদূষণের ফলে মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে।
হু জানিয়েছে বর্তমানে বায়ু দূষণে মৃত্যুর ৯০ শতাংশ মানুষই দরিদ্র বা উন্নয়নশীল দেশে হচ্ছে। আর এসব দেশের বেশিরভাগই এশিয়া ও আফ্রিকায় অবস্থিত। হু বলছে, ঘরের ভেতরের বায়ুও এখন নিরাপদ নেই। এ কারণে ঘরের ভেতরের এবং বাইরের দুই জায়গাতেই বায়ুদূষণ এসব মৃত্যুর কারণ। প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে এসেছে ভারতের রাজধানী নয়া দিল্লির নাম। মেগাসিটিগুলোর মধ্যে ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই রয়েছে চার নম্বরে। আর ঢাকার অবস্থান তৃতীয়। অতীতে শীর্ষ দূষিত হলেও চীনের শহরগুলোতে গত কয়েক বছর ধরে বাতাসের মান উন্নতি হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।