News71.com
 International
 02 May 18, 02:22 AM
 254           
 0
 02 May 18, 02:22 AM

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করবে না জাপান।

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করবে না জাপান।


আন্তর্জাতিক ডেস্কঃ তেল আবিবে নিযুক্ত জাপানি দূতাবাস জেরুজালেমে সরানো হবে না বলে জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকের পর তিনি বলেন, জাপানের এমন কোনও পরিকল্পনা নেই। জাপানি প্রধানমন্ত্রী বলেন, তার দেশ দ্বি-রাষ্ট্র নীতি সমাধানে বিশ্বাস করে এবং শান্তি নিশ্চিতে যেকোনও পদক্ষেপ নিতে প্রস্তুত। ফিলিস্তিনের রামাল্লাহ শহরে এই বৈঠকে অনুষ্ঠিত হয়। সেখানে তিনি ফিলিস্তিনের অবকাঠামো নির্মাণে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেন। গত ৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষও পূর্ব জেরুজালেমের একাংশকে তাদের ভবিষ্যত স্বাধীন রাষ্ট্রের রাজধানী করতে চায়।

 

গতকাল মঙ্গলবারের বৈঠকে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রতি সমর্থন দেয়ার জন্য শিনজো অ্যাবেকে ধন্যবাদ জানান। পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত যেকোনো রাজনৈতিক প্রক্রিয়াকে সফল করার জন্য ফিলিস্তিনিরা সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান মাহমুদ আব্বাস। বর্তমানে শিনজো অ্যাবে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন এবং বুধবার তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন