
আন্তর্জাতিক ডেস্কঃ আরও উচ্চতা বাড়ছে শিবাজী মূর্তির। ভারতের মুম্বইয়ের উপকূলে নির্মাণ হতে চলা রাজা শিবাজীর মূর্তির উচ্চতা বৃদ্ধি করে ২১২ মিটার করা হল। ফলে এই নির্মাণ সম্পূর্ণ হলে এটিই বিশ্বের সবথেকে উঁচু মূর্তি হবে। এমনটাই জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। গতকাল মঙ্গলবার ফড়নবীশ বলেন, চীনের স্প্রিং টেম্পলে বৌদ্ধ মূর্তি ছিল ২০৮ মিটার উঁচু। শিবাজীর মূর্তি হওয়ার কথা ছিল ২১০ মিটার। কিন্তু, চীনা প্রশাসন বৌদ্ধমূর্তির পাদদেশে কিছু নির্মাণ কাজ করে তার উচ্চতা ২ মিটার বাড়িয়ে দেয়। তাই মহারাষ্ট্র সরকারও সিদ্ধান্ত নিয়েছে, শিবাজীর মূর্তির উচ্চতা ২ মিটার বাড়িয়ে দেওয়া হবে। এর জন্য নতুন নকশা তৈরি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ফড়নবীশ জানান, ইতিমধ্যেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। আরব সাগরের নির্মাণস্থলে প্রাথমিক কাজ শুরু হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ২,৫০০ কোটি টাকা মূল্যের নির্মাণের বরাত দেওয়া হয় লার্সেন অ্যান্ড টারবো’কে। গোটা প্রকল্পটির খরচ ধরা হয়েছে আনুমানিক ৩,৬০০ কোটি টাকা।